নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তার প্রতিনিধি হয়ে আপনাদের এলাকার উন্নয়নে আমরা পরিশ্রম করছি। আমার অনেক শুভাকাক্সক্ষী বলেছিলেন আমি এমপি নির্বাচিত হলে এলাকায় থাকব না এবং এলাকার উন্নয়ন হবে না। তারাই এখন বলছে দেশে আমার মতো কোন এমপি এলাকায় এত বেশি থাকে না। আমার নির্বাচনি এলাকায় এত বেশি অবস্থান করার কারণে আমার পরিবারের সাথে অনেকদিন দেখা সাক্ষাত হয় না। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের সব সময় এলাকায় থেকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন এবং বলেন, জনগণের পাশে থাকলেই জনগণ তোমাদের ভোট দেবে। তাই আমরা জনগণের জন্য কাজ করতে চাই। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে অনুসরণ করে অনেক দেশ বিপ্লব ঘটিয়েছে এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন।’ এসময় তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন’।
ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, সহ-সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ভৈরব সরকার, মকবুল হোসেন, আব্দুল ওহাব প্রমুখ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫ লক্ষ ২৭ হাজার ৭৬৩ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরা বাস্তবায়নে ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন।
