নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ডিসিআরকৃত জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় আশাশুনির শ্রীউলা ইউনিয়নে কলিমাখালী গ্রামে। থানায় লিখিত এজাহারে জান গেছে, কলিমাখালী গ্রামের মৃত আনছার সরদারের ছেলে ভূমিহীন আব্দুল মজিদ সরদার কলিমাখালী মৌজায় নদীর চর-ভরাটি ৫০ শতক খাসজমি ডিসিআর নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘ দিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্ত উক্ত জমি জবর দখল নিতে একই গ্রামের মৃত আবুল কাশেম সরদারের ছেলে ভূমি-দস্যু মোতালেব হোসেন অসহায় ভূমিহীন পরিবারকে খুন জখমের হুমকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে। সোমবার সকালে ভূমি-দস্যু মোতালেব হোসেনের নেতৃত্বে তার দলবল নিয়ে উক্ত ডিসিআরকৃত জমি দখল নেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা ভূমিহীন মজিদ ও তার স্ত্রী সুমনাকে পিটিয়ে মারত্মক জখম করে। এরপর তারা বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনা উল্লেখ করে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদকে জানান ভূমিহীন পরিবারের লিখিত এজাহার পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমিহীনদের প্রতি এ হামলার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ।
