দেবহাটা প্রতিনিধি : দেবহাটার মাঘরীতে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যানার টানানোকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে আহতবস্থায় হাসপাতালে ভর্তি ৪ জন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঘরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, মাঘরী গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিকুল ইসলাম তাদের বাড়ির সামনের রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যানার টানাতে গেলে তার চাচা বাধা দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুলের উপর তার চাচা আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, অপর এক চাচা জামাত আলী, তার ছেলে ইমাদুল ইসলাম, তার উপর হামলা চালায়। এসময় শফিকুলের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে আব্দুস সামাদ(৬৮), তার স্ত্রী রোকেয়া বেগম(৬৫), ছেলে শফিকুল ইসলাম(২৭), শফিকুলের স্ত্রী আরিফা খাতুন(১৯) আহত হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় আহত নব বধূর গায়ে থাকা প্রায় এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে দেবহাটা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানায় ভুক্তভোগীরা।
