কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বেগুন ক্ষেতে বিষ দিয়ে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা কৃষ্ণনগর গ্রামের অজেদ গাজীর ছেলে জাহিদ গাজীর ১৫ কাঠা জমির বেগুন গাছে বিষ প্রয়োগ করে। ফলে ক্ষেতে বপন করা বেগুন গাছ শুকিয়ে মরে যাচ্ছে। ভুক্তভোগী কৃষক জাহিদ গাজী জানান, ‘অন্যের জমি হারি নিয়ে বেগুন চাষ করি। ১৫ কাঠা জমিতে চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আমার বেগুন গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছিল’। তিনি আরও জানান, এ ঘটনায় আমার প্রতিবেশী মোকছেদের স্ত্রী আছিয়া খাতুনের বিরুদ্ধে বিষ প্রয়োগের সত্যতার প্রমাণ মিললে স্থানীয় ইউপি সদস্য ৫ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করে দেন। এরপর থেকে আছিয়া খাতুন আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ইতিমধ্যে সে আমার ব্যাপারে কালিগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে’। এ ব্যাপারে ভুক্তভোগী হতদরিদ্র কৃষক ঘটনার সঠিক তদন্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
