শেখ শাওন আহমেদ সোহাগ : কালিগঞ্জে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক ছেলে নবজাতক উদ্ধার হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি মহাশ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। পথচারি ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মন্ডল জানান, রবিবার বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলখালি মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি বাজার ব্যাগে নড়াচড়াসহ কান্নায় শব্দ শুনতে পান। এ সময় তারা ওই ব্যাগ খুলে দেখেন একটি ছেলে নবজাতককে পিঁপড়ায় খাচ্ছে। তাৎক্ষণিক তারা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ছেলে নবজাতক সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ায় ৩ থেকে ৪ ঘন্টা আগে ওই নবজাতকের জন্ম হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার তত্বাবধানে রয়েছে। নবজাতকটি দত্তক প্রদান করা হবে। সন্তান নেয়ায় অক্ষম আগ্রহী পরিবারের পিতা মাতা আবেদন করতে পারবে। তবে সরকারি চাকরিজীবী এমন পরিবারকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে জানান তিনি।
