নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে আগুন, ভাঙচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে লিয়াকাত আলী বিশ্বাস (৩৪) থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, লিয়াকাতের সাথে একই গ্রামের গফুর বিশ্বাসের ছেলে রেজুয়ার বিশ্বাস’র (৪৫) দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। যার সূত্রধরে রেজু গং জোর পূর্বক লিয়াকাত বিশ্বাসের তপশীল সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছিল। যার প্রেক্ষিতে লিয়াকাত বিশ্বাস রেজুর বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১৩২০/১৬ নম্বর মামলা দায়ের করে। ওই মামলার তপশীল সম্পত্তি লিয়াকতের দখলে মর্মে তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকায় বিজ্ঞ আদালত তপশীল সম্পত্তি লিয়াকাতের দখলে দিয়ে নথিজাত করেন। তপশীল সম্পত্তি নিয়ে রেজুয়ার ওরফে রেজু লিয়াকাতের বিরুদ্ধে পাল্টা পি-৫২৫/১৭ নম্বর মামলা করেন। যার প্রতিবেদন লিয়াকতের পক্ষে। বর্তমানে দু’টি মামলা চলমান। এমতাবস্থায় গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে কৃষ্ণনগর গ্রামের মৃত নজিম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাস (৫৫) এর নেতৃত্বে রেজুয়ার বিশ্বাস (৪৫), তার পিতা গফুর বিশ্বাস (৬০), রেজুয়ানের স্ত্রী নুর নাহার (৩৮), মেয়ে সজনী আক্তার (২০), নজরুল ইসলামের স্ত্রী নাহার বেগম (২৮), গফুর বিশ্বাসের স্ত্রী মোমেনা খাতুন (৪৮) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অন্যায়ভাবে লিয়াকাত বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা লিয়াকাতদের বাড়ি থেকে উচ্ছেদের মানসে তাকে এবং তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রেজু গং লিয়াকাতের বাড়ি ভাঙচুরসহ গোলপাতার ছাউনি যুক্ত বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ওই ঘরে ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আত্মসাৎ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এসব বিষয়ে জানতে অভিযুক্ত রেজুয়ান ওরফে রেজুর ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
