নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের স্বাক্ষর জাল করে কৃষ্ণনগর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। স্বাক্ষর জাল করার ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন তিনি ওই ছাত্র নেতা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ জুন কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে প্রদত্ত কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
এছাড়া সভাপতি কাজী আহম্মেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত প্রেস রিলিজে সাধারণ সম্পাদকের স্বাক্ষরটি জাল করা হয়েছে উল্লেখ করে উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মহাব্বত আলী মোড়লের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন জানান, কে বা কারা আমার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কমিটি গঠন করে ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। বিষয়টি অনভিপ্রেত।
ভবিষ্যতেও স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্ষতি বা হয়রানি করতে পারে। এজন্য ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ফেসবুকে কমিটি গঠনের বিষয়টি প্রচার হওয়ার সাথে সাথে ছাত্রলীগের সাবেক নেতাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বর্তমানে করোনার কারণে উদ্ভ‚ত পরিস্থিতিতে নতুন কমিটি প্রদানের বিষয়টি স্থগিত রাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা উপেক্ষা করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন বিরূপ মন্তব্য আসে। এমনকি বড় অঙ্কের টাকার বিনিময়ে কমিটি প্রদান করা হয়েছে বলে উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে।
ঘোষিত কমিটির সভাপতি শাহিন আলম বাবু ৪৫ হাজার টাকা দিয়ে কমিটি নিয়েছেন বলে স্বীকার করেছেন যার অডিও ক্লিপ প্রচার হওয়ায় এই কমিটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহম্মেদ রনি বলেন, প্যাডে যে স্বাক্ষর আছে সেটি সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের। তিনি আগেই সংগঠনের প্যাডে স্বাক্ষর করে রেখেছিলেন। আমি শুধু তারিখটা লিখে দিয়েছি। টাকা নেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি টাকার রাজনীতি করি না।
