ডেস্ক রিপোর্ট : আশাশুনির বয়ারশিং গ্রামে মামুন হত্যা মামলার আসামি শিবির নেতা মোস্তফা আলম সরদার গং কর্তৃক সংখ্যালঘু বীর মুক্তিযোদ্ধা পরিবারের মৎস্য ঘের অবৈধভাবে লুট পাট দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনির বয়ারশিং এলাকার প্রফুল্ল কুমারের ছেলে চিত্তরঞ্জন মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ৩ ভাই। বড় ভাই মৃত. নিতাই চন্দ্র মন্ডল (বীর মুক্তিযোদ্ধা), মেজ ভাই অজয় মন্ডল আমি তিন ভাইয়ের মধ্যে ছোট। আমাদের পৈতৃক এবং খরিদা সূত্রে শ্রীউলা মৌজায় ৯ একর ৫ শতক জমির মালিক হইতেছি। পূর্ব পুরুষক্রমে শান্তিপূর্ণ ভোগ দখলের ধান ও মৎস্য চাষ করে আসছি। আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কুখ্যাত জামাত-শিবির পরিবার ও ছাত্রলীগ নেতা সাতক্ষীরা থানার মামলা নং- ২/১২৬, এসটিসি- ১২৫/১৬ মামুন হত্যা মামলার ১৮০নং আসামি মোস্তফা আলম সরদার।
তাছাড়া তার সহদর ভাইয়েরা মন্টু সরদার, মঞ্জু, নান্টু হাসান উভয় পিতা: ফজলু সরদার উল্লেখিত এলাকার চিহ্নিত ভূমি দস্যুরা মামলাবাজ ও জামাত-শিবির পরিবার আমাদের মৎস্য ঘেরে হামলা চালিয়ে ঘের লুট পাট এবং অবৈধভাবে প্রবেশ করে ঘের দখল নেওয়ার জন্য টোং ঘর তৈরি করেছে। শ্রীউলা ইউনিয়নের পূর্ব পুরুষক্রমে হিন্দু-মুসলিম ভাই ভাই সম্পর্ক আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। ভূমি সন্ত্রাসী মোস্তফা আলম সরদার গং আমার বড় ভাই নিতাই এবং চাচাতো ভাইয়ের নিকট থেকে ১৯৯৩ সালে সর্বমোট ৭ একর ৫৭ শতক জমি খরিদ করে। তাদের জমি তারা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে।
আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র মন্ডল ২০১৯ সালে মৃত্যু বরণ করার পর মোস্তফা আলম সরদার গং চলতি সনে হঠাৎ আমাদের ভোগ দখলকৃত জমি তাদের দাবি করে অস্ত্র-শস্ত্র নিয়ে ০২ মে ২০২০ইং তারিখে আমাদের মৎস্য ঘের লুট করে। এ ঘটনায় আমরা আশাশুনি থানায় অভিযোগ দায়ের করি।
তাছাড়া ডিআইজি, খুলনা বরাবর ন্যায় বিচার চেয়ে দরখাস্ত করি। স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে উভয় পক্ষের শুনানীন্তে আমাদের মৎস্য ঘেরে মোস্তফা আলম গং দের অনাধিকার প্রবেশ অবৈধ প্রমাণিত হয়। তাছাড়া মোস্তফা গং দেবহাটা সার্কেল বরাবর অভিযোগ করেন। সার্কেল সাহেব কদÐা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকারের নিকট সুষ্ঠু তদন্তের দায়িত্ব দেন।
উভয় পক্ষ শুনানীন্তে সে রায়ও আমাদের পক্ষে আসে। ভূমিদস্যু মোস্তফা আলম গং কাগজপত্রে তাদের জমি প্রমাণ করতে ব্যর্থ হয়ে গায়ের জোরে গত ২৯ মে ২০২০ইং তারিখ আমাদের মৎস্য ঘেরে টোং ঘর তৈরি করে। কুখ্যাত সন্ত্রাসী জামাত-শিবির বাহিনী মামুন হত্যা মামলার অন্যতম আসামি মোস্তফা আলম সরদার সহ তার অন্য ভাইয়েরা হুমকি দিচ্ছে আমাদের ঘের ভেড়ি যে কোন বিনিময় দখল নিয়ে নিবে। এমনকি প্রকাশ্যে হুমকি দিচ্ছে আমাদের স্ব-পরিবারে ভারতে তাড়িয়ে দেবে।
এ ব্যাপারে তিনি উক্ত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে এবং আমাদের নামিয় সম্পত্তি রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
