নিজস্ব প্রতিনিধি, আশাশুনি : খুলনা জেলার পাইকগাছা উপজেলার শাহপুর গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ইয়াকুব (৫) বাঁচতে চায়। মাত্র ৫ বছর বয়সী শিশু ইয়াকুবের যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত বিছানায় শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।
ইয়াকুব খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপুর গ্রামের হত-দরিদ্র দিনমজুর মোঃ পিন্টু গাজী (৪০) ও মুর্শিদা বেগমের ছেলে ও আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা গ্রামের আনার আলী সানার নাতি।
খাজরা গ্রামের আনার আলী জানান, আমার জামাই হত-দরিদ্র দিনমজুর মোঃ পিন্টু গাজী দুই ছেলের মধ্যে মোস্তফা (৮) বড় ও ইয়াকুব ছোট।
গত কয়েক মাস আগে ইয়াকুব হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে খুলনা শিশু হাসাপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর ইয়াকুবের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর সেখান থেকে এই পর্যন্ত চিকিৎসা খরচ আনুমানিক ১লক্ষ ৩০ হাজার টাকা যোগান দিতেই সর্বশান্ত পিতা পিন্টু গাজী।
এখন অনেক কষ্টেও ইয়াকুবের চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে। তার ওপর গত কয়েকদিন ধরে ইয়াকুবের ক্যান্সারের যন্ত্রনা,কান্নাকাটি বেড়ে যাওয়ায় ইয়াকুবের পিতা-মাতার উৎকণ্ঠা বেড়েই চলেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ঢাকা পিজি হাসপাতালে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে। এতে খরচ হবে প্রায় ৫-৭ লাখ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা একে বারেই অসম্ভব।
এ জন্য ইয়াকুবকে বাঁচাতে তার পিতা-মাতা সরকারী,বেসরকারীসহ সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন ।
