নিজস্ব প্রতিনিধি : দেবহাটার বহেরায় বসতবাড়ির উপরের গাছের ডাল কাটতে বলায় বাড়িতে ঢুকে মা ছেলে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বহেরা গ্রামের সামসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, তাদের বসতবাড়ির উপরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের গাছের ডাল এসে পড়ে। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে কিছু ডাল কেটে নেওয়ার জন্য বার বার বলা হয়। কিন্তু ডাল না কেটে উল্টো তাদেরকে হুমকি দেয় তারা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের বলা হলে শনিবার ডাল কাটার কথা থাকে। ডাল কাটা শ্রমিকরা এসে অপেক্ষা করে ফিরে গেলে হাজির হন মিজানুর রহমানের ছেলে প্রিন্স ও রাজিব। এ সময় তারা সামসুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যয়ে প্রিন্স ও রাজিব ওই পরিবারের বাড়িতে ঢুকে মোমেনা খাতুন ও তার কলেজ পড়–য়া ছেলে সাহেদ হোসেনকে বেধড়ক পিটিয়ে জখম করে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে প্রিন্স ও তার ভাই রাজিব নিজেদের থেকে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তাদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা তেমন কোন সদুত্তর দিতে পারেনি। তবে গাছের ডাল নিয়ে বিরোধের কথা নিশ্চিত করে উল্টো তারা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
