প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি মানববন্ধনের নামে সরকারের পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিসাদগার করায় তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। গতকাল শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধনের সাথে সম্পৃক্তরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
সাতক্ষীরা প্রেসক্লাব এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে। প্রেসক্লাব ব্যবহার করে ইতিপূর্বে এসব সুবিধাভোগীরা সাংবাদিকতার নামে সাতক্ষীরায় তৎকালিন সময়ে কর্মরত এক নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন। অবৈধ সুবিধা না দেয়ায় এসব সাংবাদিক নামধারী ব্যক্তিরা ওই নারী পুলিশ কর্মকর্তাকে মদ্যপ হিসেবে প্রচার দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তিও নষ্ট করেছিল সে সময়।
সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্যেগের সাথে লক্ষ্য করছে যে, দেশের পুলিশ বাহিনী যখন করোনা ভাইরাস প্রতিরোধে সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেই সময় শহরের নিউ মার্কেট চত্বরে পুলিশ বাহিনীর বিরুদ্ধে কথিত ইস্যু সৃষ্টি করে বিসাদগার করায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাতক্ষীরা প্রেসক্লাব দেশব্যাপী করোনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনী যে ভাবে মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে যে ভুমিকা রাখছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে যারা সাতক্ষীরা প্রেসক্লাবের নাম ব্যবহার করে শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধন করেছে তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
