ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক না পেয়ে অন্তসত্ত্বা গৃহবধূর ভ্যানের উপর সন্তান প্রসবের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঠিক তদন্ত করতে বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে তদন্ত কমিটির সদস্য সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চিকিৎসার অভাবে ওই গৃহবধূর ভ্যানের উপর সন্তান প্রসবের ঘটনায় কোনও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ইচ্ছাকৃতভাবে সেবা না দেওয়ার ঘটনা ঘটেছে কিনা এবং সাতক্ষীরা সদর হাসপাতালের কোন ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার গাফলতি ছিল কি’না সে বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বলেন, ‘সদর হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজগুলি বিশ্লেষণ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে’।
উল্লেখ্য, গত পহেলা মে সকাল সাড়ে ৬ টার দিকে অন্তসত্ত্বা এক গৃহবধূ কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে চিকিৎসা না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানের কর্তব্যরত চিকিৎসক ও নার্স না পাওয়ায় হাসপাতালের বাইরে ভ্যানের উপর সন্তান প্রসব করে।
