ডেস্ক রিপোর্ট : সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ ও সাতক্ষীরার শপিংমল সত্ত্বাধিকারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে পড়ে শুনানো হয়। জেলার শপিংমলগুলোতে হাত ধোওয়া এবং স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সামাজিক দূরত্ব বজায় রাখতে একদরে পণ্য বিক্রি, ব্যবসায়ীদের মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি সভায় তুলে ধরেন। সাতক্ষীরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ীদের সাতক্ষীরা স্টেডিয়াম বা পিটিআই মাঠে স্থানান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি তুলে ধরেন। জেলা আওয়ামী লীগ সভাপতি দোকানদারদের সচেতনতা এবং একদরে পণ্য বিক্রি করার বিষয়টি তুলে ধরেন। জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সেক্রেটারি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতি দোকানে সিসিটিভি যুক্ত করতে হবে। সিভিল সার্জন সবাইকে ভিড় এড়িয়ে মাস্ক ব্যবহার করতে বলেন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়:
১। সকল ব্যবসায়ীকে ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
২। প্রত্যেক দোকানদারকে মাস্ক এবং গ্লাভস পরিধান করতে হবে।
৩। দোকানের সামনে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে বৃত্ত একে দিতে হবে।
৪। শপিং মলের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৫। মূল্য তালিকা টানাতে হবে এবং একদাম লেখা থাকতে হবে।
৬। মাছ বাজারের খুচরা বিক্রেতাদের ফুড গোডাউনের পাশে স্থানান্তর করতে হবে।
৭। ৫ ফুট অন্তর দোকান বসাতে হবে।
৮। বাজারে সকল ক্রেতাকে খোলা ছাতা ব্যবহার করতে হবে।
