নিজস্ব প্রতিনিধি : কৃষকের চাষকৃত ধানের ন্যায্য মূল্যের দাবিতে শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে একযোগে প্লাকার্ড প্রদর্শনী করে অভিনব কৌশলে মানববন্ধন করেছে উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এর নির্দেশনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান’র নেতৃত্বে সমগ্র উপজেলার স্ব স্ব ইউনিয়নের প্রাণকেন্দ্রে প্লাকার্ড প্রদর্শনী করেন সংগঠনের ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কৃষক যেন তাদের চাষকৃত ধানের ন্যায্য মূল্য পায়, সে লক্ষেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণেই সামাজিক দুরত্ব বজায় রেখেই এই ভিন্ন পরিকল্পনা করা হয়েছে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ছন্দ যেমন- ‘কৃষক আমার বাবা ভাই-ধানের ন্যায্য মূল্য চাই’, ‘কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, তাহলে কৃষকের কেন দুর্গতি’, ‘ধানের ন্যায্য মূল্য না পেলে, কৃষক পরিবার যাবে মরে’ এ ধরনের বিভিন্ন বার্তা সংবলিত প্লাকার্ড তাদের হাতে শোভা পায়।
এ প্লাকার্ড প্রদর্শনী সম্বন্ধে সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ বলেন, ‘রোদে শরীর পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে যেসব কৃষক দেশবাসীর জন্য ধান উৎপাদন করে যাচ্ছে তারা আজ বাজারে সেই ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং মধ্য স্বত্বভোগীদের ভর্তুকি দেওয়ার দাবি জানিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা আজ সমগ্র উপজেলায় অভিনব কৌশলে মানববন্ধন করছি। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই চলমান সময়োপযোগী আন্দোলন অব্যাহত থাকবে’।
মানববন্ধনে সিডিও ইয়ুথ টিম সহ উপজেলার বিভিন্ন এলাকার গরিব কৃষকের সন্তানরাও অংশগ্রহণ করেন। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
