ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৮০ বছরের এক বৃদ্ধের আত্মহননের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের মৃত আফিল উদ্দিন সানার পুত্র ওয়াজেদ আলী সানা (৮০) দীর্ঘ দিন যাবৎ দাঁত ও মাথা যন্ত্রণায় ভুগছিলেন। হঠাৎ যন্ত্রণা মাত্রাতিরিক্ত হওয়ায় সহ্য করতে না পেরে গত রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে সকলের অগোচরে বাড়ির গোয়াল ঘরে আড়ার সাথে গলায় ফিতা রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।
সোমবার সকালে পরিবারের সদস্যরা ওয়াজেদ আলী সানাকে বাড়ির আশপাশে খোঁজ না পেয়ে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
আত্মহত্যার খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ও তদন্ত ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধর আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন। এ সময় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এস.আই হেদায়েত আলী, এ.এস.আই শিল্লুর রহমান, হুমায়ন কবীরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ওয়াজেদ আলী সানা মৃত্যুর সময় চার সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃদ্ধ বয়সে তার এই আত্মহত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
