নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দীঘির পাড় এলাকায় ধান চাষীদের পাকা ধান কেটে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন ওই ছাত্রলীগ নেতাকর্মীরা।
দেবহাটার খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান তন্ময় জনান, ‘উপজেলার পারুলিয়া ইউনিয়নের দীঘির পাড়ের কৃষকেরা করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তাদের পাকা ধান কাটতে পারছিলেন না। এমন খবর পেয়ে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগ এর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী উক্ত জমির পাকা ধান কাটায় অংশগ্রহণ করেন’।
এ সময় ধান কাটায় অংশ নেন কে বি এ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি, সহ সভাপতি ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব ইফতি, ছাত্রনেতা রিকু, মিয়ারাজ, নাঈম, মিলন, আল মামুন, আফিফ প্রমুখ।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগ বলেন, ‘ছাত্রলীগ যে কোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। আমরা যখন জানতে পারলাম শ্রমিক সংকটের কারণে কৃষকেরা পাকা ধান কাটতে পারছে না। তৎক্ষণাৎ আমি নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কেটে দিই। যে কোন কৃষকের এমন সমস্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আমরা এগিয়ে যাব’।
