নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষকে সচেতন করার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নে খাবার নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তিনি খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন। প্রতিদিন সন্ধ্যা হতেই উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম কে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক মানুষের ঘরে ঘরে চাল ডাল সহ বিভিন্ন উপকরণ পৌঁছে দিতে দেখা যাচ্ছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার বুড়িগোয়ালীনি কলবাড়ি ব্যারাকে বসবাসরত নিম্ন আয়ের ১শ’ পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ তত্ত¡াবধানে খাবার দিতে দেখা যায়। একই দিন রাত ৮ টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের জেলে এবং কাহার সম্প্রদায়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, ‘সাধারণ মানুষকে ভালো রাখতে ইউপি চেয়ারম্যানদের পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন থেকে খাবারের প্যাকেট স্ব হস্তে পৌঁছে দিচ্ছি’। তিনি আরও বলেন, উপজেলায় গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে’। এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
