নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সীমান্তে জনগনের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষে সাতক্ষীরার দুই হত দরিদ্র যুবককে ভ্যান প্রদান করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নে উক্ত ভ্যান প্রদান করা হয়। ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার
এ সময় নিজ হাতে তাদের হাতে ভ্যান দুটি তুলে দেন। হত দরিদ্র ওই দুই পরিবারের যুবকরা হলেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ী গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে ভোমরা স্থল বন্দরের শ্রমিক শরিফুল ইসলাম (২০) ও একই উপজেলার কুশখালী গ্রামের হাসান আলী সরদারের প্রতিবন্ধী ছেলে আল-আমিন সরদার (২৫)।
এ সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মো. শামছুল আলমসহ বিজির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ সময় বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আর্থ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করার লক্ষে সীমান্তে জনগণের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য হত দরিদ্র উক্ত দুই যুবককে ভ্যান প্রদান করা হয়েছে’।
