নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অনলাইন ও সরাসরি দাখিলকৃত আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি এ কার্যক্রম পরিচালনা করে। উদ্বোধনি দিনে খাজরা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হয়। খাজরার ১শ’ ৩ জন আবেদনকারীর মধ্যে ৫৪ জন মুক্তিযোদ্ধা যাচাই বাছাইতে অংশ গ্রহণ করেন। যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়ার্দ্দার, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সদস্য বীর মুক্তিযোদ্ধা দেবদুলাল রায়। মঙ্গলবার (১০ মার্চ) শোভনালী, কুল্যা, বুধহাটা, কাদাকাটি ও শ্রীউলা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে। ১১ মার্চ বড়দল ইউনিয়ন ও ১২ মার্চ দরগাহপুর, আনুলিয়া, প্রতাপনগর ও আশাশুনি সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে। সকাল ৯.৩০ টা হতে বেলা ১ টা এবং বেলা ২.৩০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ যাচাই বাছাই কার্যক্রম চলবে।
