নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুর রউফ গাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের মৃত মনোহর গাজীর ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রæয়ারি সকাল ১০ টার দিকে আব্দুর রউফ গাজী (৫০) একই গ্রামের এক প্রতিবন্ধী যুবতী (২০) এর বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে রউফ গাজী প্রতিবন্ধী যুবতীকে জোরপূর্বক গোয়াল ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় যুবতীর চিৎকারে তার মা এগিয়ে আসলে আব্দুর রউফ গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ৪ মার্চ (বুধবার) এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম অভিযান চালিয়ে আব্দুর রউফকে আটক করে। আসামিকে বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
