ডেস্ক রিপোর্ট : আগামী শনিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ১০টায় মেলার উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি। সাতক্ষীরা জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও নাসিবের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত এই মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য স্বদেশি পণ্যের প্রায় ৫০টি এসএমই প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। এসএমই পণ্য মেলা চলাকালীন ২৯ ফেব্রæয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে মেলা প্রাঙ্গণে লোকজ ক্রীড়া প্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে, মেলায় কোন প্রবেশ মূল্য লাগবে না। মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় জুরি বোর্ড কর্তৃক মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে শ্রেষ্ঠ স্টলসমূহকে পুরস্কৃত করা হবে। এছাড়া মেলার তৃতীয় দিন (০২ মার্চ) সকাল ১০ টায় ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষিত সাতক্ষীরা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান এ তথ্য জানান।
