ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৮ বছর জমির মালিকদের হারি না দিয়ে ৪.৬৬ একর জমি জোরপূর্বক ভোগদখলের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের সুলতানপুর এলাকার সুলতান গাজীর ছেলে মো: কামরুল ইসলাম বকুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৭ সালে আশাশুনি উপজেলার ধান্যহাটি মৌজায় খতিয়ান নং- ১৭৫, ৪৫৭, ২২৬, ৭৬৩, ১৬১, ৭৭৫, ৬১৯সহ অন্যান্য দাগ নং- ২৩৭৬, ২৩১২, ৭৬৬, ৭৪৭, ৮০৩, ৩৭০, ১২৫ সহ অন্যান্য দাগে মোট ৪.৬৬ একর জমি মাছ চাষ করার জন্য জমির মালিকদের কছে থেকে আমি ইজারা গ্রহণ করি। কিন্তু ইজারা গ্রহণের পর উক্ত ঘেরে গেলেই আশাশুনির দয়ামার ঘাট এলাকার মৃত হাকিম সরদারের ছেলে কৃষকলীগ নেতা সেলিম রেজা আমাকে বাধা প্রদান করে এবং খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। কামরুল ইসলাম বকুল আরো বলেন, সম্পত্তির মালিকদের সাথে কোন প্রকার চুক্তি বা হারি না দিয়ে সেলিম রেজা কৃষকলীগের নাম ভাঙিয়ে ও অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে জোরপূর্বক ওই জমি ভোগদখল করে যাচ্ছে। জমির মালিকরা অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় সেলিমের সামনে ভয়ে কেউ মুখতে সাহস দেখান না। তিনি আশাশুনি উপজেলা কৃষকলীগ নেতা সেলিম রেজার হাত থেকে অসহায় জমির মালিকদের সম্পত্তি উদ্ধার পূর্বক তার শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
