রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের হোটেল গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি ও বিক্রয় হচ্ছে খাদ্য সামগ্রী। যেন দেখার কেহ নাই। শ্যামনগর উপজেলা প্রশাসন বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করলেও হরিননগর বাজারের হোটেল ব্যবসায়ীরা নিজেদের খেয়াল খুশিমতো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করছে। সরজমিনে দেখা যায় , হোটেল গুলোতে ধুলা বালি ও মাছির বিষ্ঠার মিশ্রণে আটা -ময়দা ও স্যাকারিন দিয়ে দই, মিষ্টি তৈরি হচ্ছে। তাছাড়া খোলা পরিবেশে এ সমস্ত মিষ্টি ও খাদ্য সামগ্রী রাখা আছে। মিষ্টি দই ও খাবার সামগ্রীর উপর অবাধে মাছি, মশা বিচরণ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দীকি বলেন, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরিকারী হোটেলগুলোতে আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রæত অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
