ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরো এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বন্দর শ্রমিকের নাম শ্মশান কুমার সরকার (৪৫)। তিনি ভোমরা ইউনিয়নের নবাদকাটি গ্রামের দূর্গাচরণ সরকারের ছেলে।
এনিয়ে, গত ২৪ ঘন্টার মধ্যে দুই বন্দর শ্রমিকের মৃত্যু হলো। এর আগে, বৃহস্পতিবার সকালে ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বন্দর শ্রমিক দুলাল সরকার।
শ্মশান সরকারের বড় ভাই সন্তোষ সরকার বলেন, তিনি রাতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় জানতে পারেন, তার ভাই শ্মশান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। তিনি আরো জানান, শুক্রবার বিকাল তিনটার সময় তার মরদেহ দাহ করা হয়েছে।
সন্তোষ সরকারের ছেলে সন্দীপ সরকার ও দিলীপ সরকার জানান, তার কাকা ভোমরা বন্দরে শ্রমিকের কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় তার কাকা রাতে মারা গেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
