গত ২৫ জানুয়ারি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার অনলাইনে “ভোমরার হুন্ডি ও গোল্ড ব্যবসায়ী মহাসিন এখন বেপরোয়া!” শিরোনামে প্রকাশিত উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত ঐ সংবাদে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। ঐ সংবাদে আমি হুন্ডির পাশাপাশি গোল্ডের ব্যবসার সাথেও জড়িত বলে অভিযোগ করা হয়েছে যা আদেও সত্য নয়। এছাড়া শাঁখরা কোমরপুরে কোটি টাকা ব্যয়ে তিন তলা বাড়ি ও ভোমরাতে আমিনিয়া মার্কেটে চার তলা ভবনের মালিক উল্লেখ করা হয়েছে। যার কোনটিই আমার নয়। পড়াশোনা শেষ করার পর, আমার প্রবাসী ভাইদের দেয়া অর্থে আমি ভোমরা বন্দরে গত দুই বছর ধরে ‘মেসার্স আমিনিয়া এন্টার প্রাইজ’ নামে আমদানি-রফতানি কারক লাইসেন্স নিয়ে সুনামের সাথে ব্যবসা করছি। আমি ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকার কারণে ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলাম। অথচ উক্ত সংবাদে বলা হয়েছে আমি কাস্টমস কর্মকর্তাদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পদ হারিয়েছি। প্রকৃত ঘটনা আমার ব্যবসায়িক প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের কু-রুচিপুর্ণ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. মহাসীন কবির
ভোমরা, সাতক্ষীরা।
