মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি: আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়ে শিমুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী অপহরণের ৪২ দিনেও উদ্ধার হয়নি। পুলিশ বলছে মামলার আসামিদের ধরতে এবং ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের স্বপন কুমার মিস্ত্রীর ৭ম শ্রেণী পড়–য়া কন্যা (১৩)কে দক্ষিণ ফিংড়ী গ্রামের ওহিদুল শেখের ছেলে রায়হান শেখ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হলে এক পর্যায়ে ১ ডিসেম্বর ১৯ সন্ধ্যা ৬টার দিকে ভিকটিম বাড়ির সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মামলার প্রধান আসামি রায়হান শেখ তার সহযোগীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায় ঐ ছাত্রীকে। পর দিন ২ ডিসেম্বর ১৯ দুপুরে ভিকটিমকে পারুলিয়া কদবেলতলা মোড় থেকে উদ্ধার করে ভিকটিমের পরিবার। এসময় অপহরণকারীরা সেখান থেকে কৌঁশলে পালিয়ে যায়। ঐ দিনই ভিকটিমের পিতা স্কুল শিক্ষক স্বপন কুমার মিস্ত্রি বাদী হয়ে ৭/৩০,২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় ঘটনা উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় অপহরণকারী রায়হান শেখকে প্রধান আসামি, তার সহযোগী দুর সম্পর্কের আতœীয় সদর উপজেলার শিমুলবাড়ীয়া গ্রামের জালাল ঢালীকে ২নং আসামি ও তার পিতা ওহিদুল শেখকে ৩নং আসামি করা হয়। উক্ত মামলা নং-৪। এই ঘটনার পর ভিকটিম উদ্ধার হওয়ার ৫দিন পরে ৭ ডিসেম্বর ভিকটিম বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে আবারও জোরপূর্বক তাকে অপহরণ করা হয়। এ ঘটনার ৪২ দিন অতিক্রম হলেও এখনও উদ্ধার হয়নি ভিকটিম স্কুল ছাত্রী। এদিকে, ভিকটিমের পরিবার তাদের মেয়েকে ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন অপহৃত ছাত্রীর পিতা স্কুল শিক্ষক।
