ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা ও তার সহোদর বিজিবি হত্যা মামলার আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আল ফেরদৌস আলফা ও আব্দুল আলিম সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি মো: আবুল কালাম আজাদ জানান, গত ২৯ ডিসেম্বর ৩৩ বিজিবি’র একটি টহল দল ট্রাক ভর্তি ভারতীয় বিভিন্œ প্রজাতির মাছসহ মামুনুর রশিদ ও আকবর হোসেন নামের দুই জনকে আটক করে। জব্দকৃত ৬ হাজার ৪৫০ কেজি এই মাছ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভোমরা স্থল বন্দর এলাকা দিয়ে আনা হয় বলে বিজিবি মামলায় উল্লেখ করেছে। জব্দকৃত ট্রাকসহ ভারতীয় মাছের মূল্য ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় ৩০ ডিসেম্বর বিজিবি আলিপুর বাঁকাল চেকপোস্টের হাবিলদার মো: মোহসিন আলী বাদী হয়ে আটক ২ জনসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (স্পেশাল পাওয়ার অ্যাক্ট) ২৫ বি (১) (বি)/২৫ডি। এই মামলায় আশিক এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আল ফেরদৌস আলফা ও তার সহোদর আব্দুল আলিমকে মঙ্গলবার সকালে পুলিশ গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য : আল ফেরদৌস আলফা মাদক মামলায় ইতিপূর্বে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কয়েক মাস জেলও খেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন। এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম বিজিবি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি বলে সদর থানায় দায়েরকৃত ৩৮ নং মামলা সূত্রে জানা গেছে। এই মামলাটি ২০১৩ সালের নভেম্বর মাসে দায়ের করেন ভোমরা বিজিবি’র নায়েক মো: নাসির উদ্দীন। মামলাটি আদালতে এখনও বিচারাধীন রয়েছে।
