এস এম মোস্তফা কামাল, শ্যামনগর: বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকায় এসে পৌঁছেছে। ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটি। এরপর উড়োজাহাজটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ বিমানের পাইলট ছিলেন সাতক্ষীরা জেলার শ্যামনগরের সন্তান ক্যাপ্টেন তানভীর খুরশীদ আলম কলি। তিনি পিডিবি’র সাবেক মহাপরিচালক খুরশিদ আলম এর ছেলে এবং শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন এর ফুফাত ভাই। এর আগে গত ২১ ডিসেম্বর ঢাকায় আসে ‘সোনার তরী’ নামের আরেকটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর উড়োজাহাজ দুটির যাত্রা উদ্বোধন করবেন। জানা গেছে, ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে রওনা দেয় ‘অচিন পাখি’। দুপুর ২টা ৩০ মিনিটে এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনারটি। টানা ১৫ ঘণ্টা ৩০ মিনিট কোনও বিরতি ছাড়াই ওড়ার পর ঢাকায় এসেছে এই উড়োজাহাজ।
গত ২০ ডিসেম্বর দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান বাংলাদেশ এয়ার লাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব:) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন। অত্যাধুনিক এই উড়োজাহাজে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণির ২১টি ও ইকোনমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে। গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক দুটি আকাশযান কেনার ঘোষণা দেন। তিনি এগুলোর নাম রাখেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। অচিন পাখি বিমানে পাইলট হিসেবে প্রথমে তার দায়িত্ব পালন করায় শ্যামনগরবাসী গর্ববোধ করে।
