খাজরা(আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির খাজরায় বুলবুল’র তান্ডবের পরও ক্ষেতে পাকা আমন ধান দেখে বাম্পার ফলনের আশায় যেমন বুক বাঁধছেন তেমনি ন্যায্য দাম নিয়ে শঙ্কায়ও রয়েছেন ইউনিয়নের কৃষকরা। সরজমিন খাজরা ইউনিয়নের খালিয়া, ফটিকখালী, গজুয়াকাটি, গদাইপুর গ্রাম ঘুরে দেখা গেছে মাঠ ভরা আমন ধান। চারিদিকে কাঁচা-পাকা ধানের মৌ মৌ গন্ধে এবং পাখির কলকাকলিতে মুখরিত গ্রামাঞ্চল। কৃষকদের অক্লান্ত পরিশ্রম বুলবুল’র তাÐবকেও হার মানিয়ে তাদের সোনার ধানকে বিনষ্ট হতে দেয়নি। আশাশুনি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়নে এবার চলতি মৌসুমে ১৮শ ৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। একাধিক কৃষক জানান, এরপর আর যদি কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে আমরা আমন ধানের বাম্পার ফলন আশা করছি। সেই সাথে আমাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের নিবিড় পর্যবেক্ষণ কামনা করছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকার কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে (২৬) টাকা কেজি প্রতি ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবে। উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে।
