আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রভাবশালী প্রতিপক্ষের নিপীড়ন, নির্যাতন ও হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বলাডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম। তিনি বলেন- আমাদের জমির শত বছরের যাতায়াতের পথ ও সম্পত্তি বলাডাঙ্গা গ্রামের ইউনুছ মোড়লের ছেলে আইন অমান্যকারী আছাফুজ্জামানরা তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ করায় গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে তারা আমার চাচি মঞ্জুয়ারা খাতুনকে মারপিট করাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় পরদিন আশাশুনি থানায় তাদের বিরুদ্ধে ৩০(১১)১৯ নং একটি মামলা দায়ের করেন মঞ্জুয়ারা খাতুন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ওই আছাফুজ্জামান সাতক্ষীরা প্রেসক্লাবে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে আমাকে, স্টেনো আব্দুল ওহাব মোড়ল ও পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। প্রকৃত পক্ষে, আছাফুজ্জামান জেলার ও তার দলীয় লোকজন নিয়ে আমাদের ন্যায্য সম্পত্তি জবর দখলের এবং ত্রাস সৃষ্টি করে আসছে। আমি ও আমাদের পরিবার আছাফুজ্জামানদের নির্যাতন, নিপীড়ন ও হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
