শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৩৫ নং ধুমঘাট-তেরকাটিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক অভিভাবককে বেধড়ক মারপিট করায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হয়েছে। ধুমঘাট গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র লুৎফর রহমান অভিযোগে উল্লেখ করেছে অত্র স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী বীথি পারভীন আমার কন্যা। ৩০/১১/১৯ তারিখ আমার কন্যাকে সাথে নিয়ে প্রশ্ন ফিসের টাকা দিতে স্কুলে গেলে আমার কন্যার পরিধানে স্কুল ড্রেস না থাকায় প্রধান শিক্ষক উদয় কুমার মিস্ত্রি আমার সামনে আমার কন্যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে আমার কথা কাটাকাটির সময় প্রধান শিক্ষক আমাকে ও ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাকে মারার জন্য পাশে থাকা সহকারী শিক্ষক নিতিশ কুমার সরকারকে নির্দেশ দেন। প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষক নিতিশ কুমার আমাকে কিল চড় ও ঘুসি মেরে বেপরোয়া মারপিট করে। এসময় মৃত হেমনাথ মালির পুত্র নির্মল মালি ও বিচিত্র মালিসহ স্থানীয়রা শিক্ষকের কবল থেকে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় অভিভাবক লুৎফর রহমান আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।
