আশাশুনি প্রতিনিধি: পেঁয়াজের ঝাঁজ যেই ফিকে হতে চলেছে ঠিক সেই সময় লবণের মূল্য বেশি হওয়ার গুজবে আতঙ্কিত আশাশুনি বাজার। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল থেকে গুজব ছড়ানোর সাথে সাথে উপজেলার সব বাজারে লবণ বেশি দামে বিক্রি করতে শুরু করে কিছু অসাধু ব্যবসায়ীরা। লবণ নিয়ে টানাটানি ও হুলস্থুল অবস্থার খবর শুনে শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এদিন সন্ধ্যায় তিনি আশাশুনি থানা পুলিশকে সাথে নিয়ে আশাশুনি সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন আপনারা গুজবে কান দেবেন না, লবণের মূল্য বৃদ্ধি পাইনি। লবণ বাংলাদেশে তৈরি হয় এবং এটা যথেষ্ট মজুদ আছে। আপনারা নায্য মূল্যে লবণ পাবেন এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। থানা প্রশাসন থেকে বলা হয়েছে যে বেশি দরে লবণ বিক্রি করবে তাদের খবর পুলিশকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফাসহ স্থানীয় সাংবাদিক ও শত শত উৎসুক জনতা।
