বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী ১১৩ জন, শিক্ষক আছেন ৪ জন, ৩টি শ্রেণি কক্ষের মধ্যে ২টি কক্ষের ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। স্কুল মাঠটি পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে আছে। আসন্ন বার্ষিক পরীক্ষা থাকায় এখানে নিয়মিত ক্লাস পরিচালনা করা অসম্ভব প্রায়। বিদ্যালয়ের একমাত্র শৌচাগারটি অত্যন্ত জরাজীর্ণ হওয়ায় ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি বিদ্যালয়ে সুপেয় পানির কোন ব্যবস্থা (টিউবওয়েল) না থাকায় কোমলমতি ছাত্র-ছাত্রীরা পড়ছে চরম বিপাকে। ইতোমধ্যে আশাশুনি উপজেলায় পিইডিপি-৪ এর আওতায় ২১টি নতুন ঊর্ধ্বমুখী (৩-৭) কক্ষ বিশিষ্ট ভবন সম্প্রসারণ প্রকল্প অনুমোদন প্রাপ্ত হয়েছে। অথচ জরাজীর্ণ বিদ্যালয়টি ওই প্রকল্পের আওতায় না আসায় অভিভাবকমহল ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কয়েক দফা আবেদন করা হলেও কোন সুফল পাওয়া যায়নি।
