ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রসুলপুরে মিম হ্যাচারী অ্যান্ড ফিসে ফিল্ম স্টাইলে ভাঙচুর ও লুট-পাট-সহ হ্যাচারীতে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় হ্যাচারী মালিক তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন। শহরের পলাশপোল (রসুলপুর গোরস্থান সংলগ্ন) মৃত মোহাম্মদ আলীর ছেলে হ্যাচারী মালিক নুরুজ্জামান সোনা জানান, তার বাড়ির পাশে নিজস্ব জমিতে একটি সাদা মাছের হ্যাচারী আছে। গত ২৩ অক্টোবর সদরের থানাঘাটা গ্রামের মেহেদী হাসানের নেতৃত্বে ৭/৮ জন তার হ্যাচারীতে বেআইনিভাবে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুট-পাট করে। এ সময় হ্যাচারীতে বিষ প্রয়োগ করে সাদা মাছগুলো ধ্বংস করে দেয়। এমনকি তারা হ্যাচারীতে থাকা ল্যাপটপ, স্যামসাং মোবাইল নগদ টাকা ও মাছ বিক্রয়ের খাতা নিয়ে চলে যায়। তিনি আসামিদের গ্রেফতার ও ক্ষতি পূরণ চেয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
