কলারোয়া প্রতিনিধি: দুই সহপাঠীর নামে মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রতিবাদী প্রতিচ্ছবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২ অক্টোবর কলেজ চলাকালীন সময়ে সহপাঠীদের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়ে একই ইউনিয়নের তাতিপাড়া বাকসা গ্রামের বাসিন্দা আবুহার মোড়লের কন্যা লিপি খাতুন(১৮)। এর পর কলেজ থেকেই বিষয়টি সমাধান হয়ে গেলেও বাড়ি ফিরে লিপি খাতুন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে মেয়ের বাবা আবুহার হোসেন কলারোয়া থানায় মেয়ের সহপাঠী আসিফ, আলতাফ ও শফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এর পর থেকে অভিযুক্ত ঐ দুই ছাত্রের শিক্ষা জীবন বিপন্নের পথে।
