ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সাতক্ষীরা-যশোর মহা সড়কের ছয়ঘরিয়া যোগরাজপুর তেল পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে ময়লার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে পথচারীরা। সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের ময়লা ফেলার কারণে প্রধান সড়কের পাশে ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ময়লা ফেলায় অতিরিক্ত দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারী। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক-মুখ বন্ধ করে মনোযোগ বিভ্রান্তিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনিয়ন্ত্রিত পরিবেশে ময়লা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ, পাশা পাশি ধ্বংস হচ্ছে রাস্তার পাশের বৃক্ষরাজি। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেললেও পরিবেশ বান্ধব কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করছেন পথচারীরা। উপজেলার ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা মো. হাসেম আলী জানান, এখানে ময়লা আবর্জনার দুর্গন্ধে পথ চলতে খুব মুসকিলে পড়তে হয়। দুর্গন্ধের কারণে প্রায় সময় পথচারীরা বমি করে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে নারী ও শিশুরা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। পথচারী ও সাধারণ মানুষের দাবি, দ্রুত এই ময়লা ফেলা বন্ধ সহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
