আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন জমে উঠেছে। চাপড়া থেকে মহেশ্বরকাটি মৎস্য সেট, আশাশুনি সদর ও বুধহাটা বাজারের বিভিন্ন চায়ের দোকানসহ নানা স্থানে নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের সমীকরণ। আসন্ন ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে বর্তমান সভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামসহ অন্য একটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করবে বলে শোনা যাচ্ছে। প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের বাড়ি বাড়ি হাজির হয়ে দোয়া চাইতে শুরু করেছেন। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে মোট ছাত্র-ছাত্রী ৩শ’ ১০ জন। বর্তমান সভাপতি নজরুল ইসলাম জানান- ২০১৭ সালে আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছি। বর্তমানে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে স্কুলের ভবন নির্মাণ হচ্ছে। স্কুলের শহীদ মিনার নির্মাণ, শৌচাগারের কাজ, টিনের চাল সংস্কার, ফ্লোর মেরামত করা হয়েছে। এছাড়া স্কুলে আনুমানিক ৪ কোটি টাকা ব্যয়ে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ভবন নির্মাণের প্রকল্প নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক জোর দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফলে উন্নতি করেছি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অভিভাবকগণ এবারের নির্বাচনেও আমার প্যানেলকে জয়ী করবে বলে আমি আশাবাদী। এদিকে ভোটাররা বলছেন যে প্যানেল স্কুলের সার্বিক উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবে আমরা সে প্যানেলকেই নির্বাচিত করব।
