ডেস্ক রিপোর্ট: ইট দেওয়ার শর্তে তিন ব্যক্তির কাছ থেকে অগ্রিম ১০ লক্ষ টাকা নিয়ে সাতক্ষীরার বিনেরপোতা ইটভাটা মালিক শহিদুল ইসলাম ইট বা টাকা কোনটাই না দিয়ে টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, ভুক্তভোগী তিন জনের পক্ষে তালা উপজেলার চাঁদকাটি গ্রামের শরাফুদ্দিন মোড়লের ছেলে দেলোয়ার মোড়ল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমিসহ একই উপজেলার নগরঘাটা গ্রামের মোস্তফা কামাল ও হাবিবুল ইসলাম ইট ক্রয় করে পরবর্তীতে তা লাভে বিক্রয়ের জন্য ব্যবসা শুরু করি। এক পর্যায়ে গত সাত মাস পূর্বে কমদামে ইট ক্রয়ের উদ্দেশ্যে শহরের কাটিয়া এলাকার শহিদুল ইসলামের মালিকানাধীন খেজুরডাঙ্গি এলাকার মেসার্স এম.পি ব্রিকস নামক ইটভাটায় আমরা তিন জনে বিভিন্ন এনজিও ও কয়েক ব্যক্তির কাছ থেকে ঋণ করে ১০লক্ষ টাকা নিয়ে অগ্রিম জমা দেই। টাকা জমা দেয়ার সময় শহিদুল ইসলাম তার স্বাক্ষরিত ৪টি চেকের পাতা টাকা উল্লেখ পূর্বক আমাদেরকে প্রদান করেন। কিন্তু পরবর্তীতে যখন ভাটায় ইট প্রস্তুত হলো তখন শহিদুল ইসলাম আমাদের বলেন, ইট দিতে গেলে অনেক সমস্যা হচ্ছে, আমি তোমাদের টাকা ফেরত দেবো। কিন্তু ৭ মাস অতিবাহিত হলেও তিনি আমাদের ইট বা টাকা কোনটাই না দিয়ে টালবাহানা শুরু করেন। বর্তমানে আমরা ইট বা টাকা কোনটা না পাওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।
