ডেস্ক রিপোর্ট: জ্যৈষ্ঠতা তালিকা অনুযায়ী অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষে ২০১৩ সালের গেজেট বিধিমালার আলোকে গ্রেডেশান হালনাগাদ প্রণয়ন করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন উপজেলার অধিগ্রহনকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অধিগ্রহনকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান, পাড় শহিদুল ইসলাম, বিশাল কান্তি দাস, আব্দুল গফুর, আয়ুব আলী, হাফিজুর রহমান, শেখ হাবিবুর রহমান, অর্জুন কুমার মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির লক্ষে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আবুল কালাম আজাদ ২০১৩ সালের ৩১ জুলাই ২৭২ নং স্মারকে একটি বিধিমালা তৈরি করেন। যা ১/১/২০১৩ ডি১/৩১ গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে শর্ত থাকে অধিগ্রহণকৃত পূর্বের ৫০% কার্যকাল চাকুরি গণনা করা হবে। জ্যৈষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশান হালনাগাদ তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব খান নুরুল আমিন বরাবর জমা দেয়ার কথা বলা হয়। কিন্তু অতীব দু:খ ও পরিতাপের বিষয় অধিগ্রহণকৃত শিক্ষকদের নামের তালিকা বাদ দিয়ে পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকদের হস্তক্ষেপে একক স্বার্থ উদ্ধারের প্রভাব খাটিয়ে অতি গোপনে পূর্বের দায়িত্ব প্রাপ্ত ৬১ জন প্রধান শিক্ষকের নিয়োগ বৈধতা পেতে পূর্বের ন্যায় অধিগ্রহণকৃত শিক্ষকদের বঞ্চিত করে গ্রেডেশান তালিকা প্রস্তুত করা হয়। আমরা এই মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা এ সময় অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষে ২০১৩ সালের গেজেট বিধিমালার আলোকে গ্রেডেশান হালনাগাদ প্রণয়ন করার জোর দাবি জানান।
