ডেস্ক রিপোর্ট: ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারি টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ’ কর্মসূচি প্রকল্পের আওতায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, ‘মেয়েদের সমাজ জীবনে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মেয়েদের সত্য কথা বলে ও সত্য ইতিহাস জেনে বৈজ্ঞানিকভাবে বেড়ে উঠতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার জ্যোৎছ্না আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
