পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় জালাল মোল্লা (৩০) রক্তাক্ত জখম হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জালাল মোল্লা গজালিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে। আহতের পরিবার সূত্র জানায়, জালাল মোল্লা একই এলাকার মুরগি ব্যবসায়ী আসাদ গাজীর পুত্র মন্টু গাজীর থেকে কিছু দিন পূর্বে ৯০ টাকা বাকিতে মুরগি ক্রয় করে। দীর্ঘদিন হলেও টাকা পরিশোধ না করায় রোববার বিকেলে মন্টু গাজী মোবাইল করে জালালকে তাদের বাড়ির সামনে ডাকে। সে জালালের কাছে পাওনা টাকা চাইলে জালাল কিছুদিন পরে দেওয়ার কথা বলা মাত্রই মন্টু ও তার লোকজন জালালের উপর হামলা করে। এক পর্যায়ে তাদের হামলায় জালালের কপাল ফেটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে জালালের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
