শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ ললিতা বালা মন্ডল হত্যার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) পৃথক অভিযানে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল এ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রুদ্রপুর গ্রামের আমির মোড়লের পুত্র আবু মুছা ও পাটকেলঘাটার গনেশপুর গ্রামের বাকের সরদারের পুত্র আব্দুর রহিম। পুলিশ সূত্র জানায়, বুধবার গভীর রাতে ঢাকার মানিকগঞ্জ ইট ভাটা থেকে আবু মুছাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গণেশপুর গ্রাম থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছা ও রহিম ললিতাকে হত্যার দায় স্বীকার করে। পুলিশ সূত্র আরও জানায়, স্বামী পরিত্যক্তা ললিতা বালার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে মুছা। এক পর্যায়ে ললিতা অন্তস্বত্তা হয়ে পড়ে। তাছাড়া ইট ভাটায় কাজ করার জন্য ললিতা মুছার কাছে টাকা পেতো। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুছার সাথে ললিতার সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে মুছা পরিকল্পিতভাবে ললিতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মর দেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ভাই বিজয় মন্ডল শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করে।
