নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের পুল নির্মাণ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) আটুলিয়া এ.কাদের যুব রক্তদান সংস্থার সদস্যরা জনস্বার্থে স্বেচ্ছাশ্রমে এ পুল নির্মাণ করেন। সংস্থার সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর অর্থায়নে উক্ত ভাঙন কবলিত কালভার্টে স্বেচ্ছাশ্রম দিয়ে বাঁশের পুল নির্মাণ করা হয়। উল্লেখ্য, দুইটি ওয়ার্ডের সংযোগ স্থলের কালভার্ট’টি বহুদিন ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ছিল দুই ওয়ার্ডের জনগণ। পানির ভিতর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া-আসা করতো কোমলমতি শিশুরা। এই বেহাল দশা ও জনসাধারণের ভোগান্তি চোখ এড়িয়ে যাচ্ছিল স্থানীয় জনপ্রতিনিধিদের। এজন্য জনসাধারণের চলাচলের এ ভোগান্তি থেকে মুক্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন এ.কাদের যুব রক্তদান সংস্থা এ মহৎ উদ্যোগ গ্রহণ করে।
