দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধ করায় দোকান ভাঙচুর ও মারপিটের অভিযোগ এনে হয়রানি মূলক সংবাদ প্রকাশ সহ থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নাংলা এলাকার কওসার আলীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জারিফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি। বর্তমান সরকারের উন্নয়নের সহযোগী হিসাবে আমি এবং আমার সংগঠনের কর্মীরা এলাকায় বাল্যবিবাহ, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কাজ করে আসছি। সাম্প্রতিক নাংলা বাজারের কওসার আলীর ভাই মনিরের মেয়েকে বাল্যবিবাহ দেয় তার পরিবার। বাল্যবিবাহে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে আমি ব্যর্থ হই। পরবর্তীতে (১৬ সেপ্টেম্বর) সোমবার কওসারের দোকানে মাল কিনতে গেলে সামান্য কথা কাটাকাটি হওয়ার পর সেটি সেখানেই শেষ হয়। এরপর আমি (১৯ সেপ্টেম্বর) ছাত্রলীগের ইউনিয়ন কমিটির অনুমোদন পায়। আমার প্রতিপক্ষসহ অন্যান্যদের প্ররোচনায় গত (২২ সেপ্টেম্বর) কওসার নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ এনে দেবহাটা থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি নিয়ে তারা অপ-প্রচার এবং হয়রানি করে চলেছে। তাছাড়া আমি ও আমার পিতা কেউই মাদক ব্যবসার সাথে কখনোই জড়িত ছিলাম না। কওসার তার ভাই মনি ও আনার নাশকতা সহ মোট ৬টি মামলার আসামি। স্থানীয় কিছু ব্যক্তি আমাদের ভালো কাজের বিরোধিতা করছে। তারা চায় আমি যাতে নতুন কমিটির পদে না আসতে পারি সে জন্য অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তাছাড়া আমার বিরুদ্ধে কমিটি পাওয়ার পর বেপরোয়া যে অপ-প্রচার চালানো হচ্ছে তা সত্য নয়। কওসারের সাথে যে ঘটনার কথা বলা হয়েছে তা কমিটি পাওয়ার আগের। তাই আমি কওসারের অপ-প্রচারের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
