ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনও কমেনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত সাতক্ষীরায় মোট ৬৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১৮ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে।প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪৬৭ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আরো ১৫৭ জনকে। বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব হচ্ছে না। উদ্যোক্তার পাশাপাশি সাধারণ মানুষের অসচেতনতা ও উদাসীনতাকেই দায়ী করছেন সাতক্ষীরার সুশীল সমাজ। এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশঙ্কামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে তিনি এ সময় মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন।
