ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পলাশপোল মৌজায় দীর্ঘ ১০ বছর ধরে ভোগ-দখলীয় সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে গাছপালা কর্তনসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শহরের ইটাগাছা এলাকার সাবেক পৌর কমিশনার আহম্মদ আলীর ছেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, রইচপুর দক্ষিণ পাড়ার মৃত মোকছেদ আলী সরদারের পৈতৃক এবং খরিদকৃত পলাশপোল মৌজার ১.২০ একর জমির মধ্য থেকে আমার পিতা আহম্মাদ আলী সরদার ২০১০ সালের ২২ ফেব্রæয়ারি ৯৩ শতক সম্পত্তি কোবলা মূলে ক্রয় করেন। উক্ত সম্পত্তিতে আমার পিতার (আহম্মাদ আলী সরদারের) নামে বর্তমান খতিয়ান নং- ৩৩৩৩/৮/১ ডিপি-৪৫২৫ দাগ-২২২৪ নাম পত্তন, চেক, দাখিলাসহ গত ১০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। সেখানে পাকা ঘর নির্মাণ, বিভিন্ন প্রজাতির শত শত বৃক্ষ রোপণ, মৎস্য খামার গড়ে তুলে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। উক্ত সম্পত্তি আল আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার কাছ থেকে বন্ধক রেখে বিনিয়োগ গ্রহণ করে আমার পিতা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু দীর্ঘ ১০ বছর পর চিহ্নিত ভূমি-দস্যু মৃত বাহার আলী সরদারের ছেলে শাহাবুদ্দীন, মুকুল, শিমুল, জমিস উদ্দীন বড় চাচা মোকছেদ আলী তাদের বিক্রিয়কৃত সম্পত্তি নিজেদের দাবি করে জবর দখলের চেষ্টা করেন। সে সময় আমি বাদী হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত উক্ত স্থানে ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এক পর্যায়ে সদর থানার এস আই আব্দুল হালিম উভয় পক্ষকে নিয়ে বসাবসি করে তাদের উক্ত সম্পত্তিতে যেতে নিষেধ করেন। কিন্তু তার পরও আইন আদালতের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কয়েক দফায় ওই জমিতে থাকা প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ফলদ বৃক্ষ কেটে ফেলে ও দখলকৃত জমিতে অবৈধ ভাবে বালি উত্তোলন করেন। এ বিষয়ে প্রথমে আমরা বাধা দিতে গেলে তারা আমাদেরকে হুমকি ধামকি প্রদর্শন করলে আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ তাদের আবারও সেখানে না যাওয়ার জন্য নিষেধ করেন। তিনি আরও বলেন, আইনগতভাবে পরাজিত হয়ে আমার পিতা এবং আমাদের পারিবারিক সম্মান নষ্ট করার জন্য গত ১৬ সেপ্টেম্বর মিথ্যা অভিযোগে একটি সংবাদ সম্মেলন করে। যা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। এমতাবস্থায় তিনি (সাইফুল) উক্ত সংবাদের তীব্র নিন্দাসহ অবৈধভাবে দখল চেষ্টাকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
