গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর মুন্সিগঞ্জের আইবুড়ি খালের নেট পাটা অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করতে খালটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে স্থানীয়রা জানান, নদীতে নেট পাটা থাকার কারণে পানি ঢেউ ক‚লে আঘাত হানায় প্রতিনিয়ত ভাঙনের সৃষ্টি হচ্ছে। কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে নেট পাটা অপসারণ করায় ভাঙন অনেকাংশে কমে গিয়েছিল। বিগত ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফ স্বার্থান্বেষী মহলের হাত থেকে মুক্ত করেছিল মুন্সিগঞ্জের আইবুড়ি খাল। খালের দু পাশে এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের দাবির প্রেক্ষীতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)র নির্দেশে এবং মুন্সিগঞ্জ ভূমি অফিসের তত্ত¡াবধানে এলাকার মানুষের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদী থেকে নেট পাটা তুলে দেওয়া হয়। কিন্তু ২০১৬ সালে খালটি উন্মুক্ত করার পরে আবারও দখল করে নেয় এলাকার দখলবাজরা। এরপর ২০১৮ সালে সহকারী কমিশনার সুজন সরকার (ভূমি) হিসেবে যোগদান করেই খালটি আবার দখলমুক্ত করেন। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই একের পর এক আবার দখল হতে শুরু করেছে খালটি। নতুন নতুন নেট পাটা এনে আবার ও দখল বাজেরা নেট পাটা দিয়ে ঘিরে ফেলছে । তাছাড়া অনেকেই খালের মধ্যে নেট পাটা দিয়ে কাঁকড়া চাষ করছে। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তার মুঠো ফোনে কথা হলে তিনি ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন’। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমির মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ‘শ্যামনগরে খাল উন্মুক্তকরণ অব্যাহত রয়েছে, অবশ্যই জলাবদ্ধতা নিরসনে এবং সাধারণ মানুষের জন্য খালটি উন্মুক্ত করে জাল যার জলা তার নিশ্চিত করা হবে’।
