মাজহারুল ইসলাম: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আইন সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শিল্পকলা একাডেমিতে জেলা লিগ্যাল এইড কমিটি এ কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অবহেলিত, দুস্থ, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের বিনা খরচে সরকারিভাবে যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হচ্ছে লিগ্যাল এইডের মাধ্যমে। নির্যাতনের শিকার হওয়া সত্তে¡ও অবহেলিত মানুষেরা আর্থিক অস্বচ্ছলতাসহ নানাবিধ কারণে অনেক সময় ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। সুবিধা বঞ্চিত কোন মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে তাদের যাবতীয় আইনি সহায়তা প্রদান করছে। এমনকি মামলার দিনে আদালতে হাজির হওয়ার জন্য তাদের যাতায়াত খরচ ও দুপুরের খাবারের টাকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিচার প্রার্থীদের স্থানীয় ইউনিয়ন বা উপজেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করলে আমরা সরকারি আইনজীবী দ্বারা তাদের মামলা পরিচালনাসহ ন্যায় বিচার নিশ্চিত করব। সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাবেল রায়হান, সিভিল সার্জন শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন, বিজ্ঞ জি পি সরকার যামিনী কান্ত, জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাস। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
