নূরুন্নবী ইমন, রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর এলাকার নেবুখালী খালটি কৈখালী মৎস্যজীবি সমবায় সমিতি লি. নামে একটি অসাধু চক্র জবর দখল করে রেখেছে। বেড়ি বাঁধ আর নেট পাটা দিয়ে ঘিরে সেখানে বসানো হয়েছে ইজারাকৃত সাইনবোর্ড। স্থানীয়রা জানিয়েছেন, অত্র এলাকার ফসলের ক্ষেত ও ঘেরের পানি সংগ্রহের একটি মাত্র উৎস এ খালটি। কিন্তু পরানপুর গ্রামের জিয়াদ কাগুচীর পুত্র রব্বানী ও নরিম শেখের পুত্র জলিল মৎস্যজীবি সমবায় সমিতি লি. নামে খালটি দখল করে নেট পাটা দিয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি করছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশেনায় জেলার সকল নদী খালের ইজারা মুক্ত হলেও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত হয়নি নেবুখালী খালটি। স্থানীয়রা আরও জানান, আমরা বিগত কয়েক বছর পূর্বে খালে মাছ ধরে সংসার পরিচালনা করতাম। কিন্তু হঠাৎ করে কতিপয় ব্যক্তি খাল দখল করে নেট পাটা দিয়ে মৎস্য চাষ করছে।

আমাদের এখন খালের পানিতে ছুতে পযর্ন্ত দেয় না। বিষয়টি নিয়ে স্থানীয় কৈখালী চেয়ারম্যান ইউপি শেখ আব্দুর রহিমকে জানিয়ে কোন লাভ হয়নি বলে জানান তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, স্থানীয় জনগণ নেবুখালী খালের বিষয়ে জানালে তাৎক্ষনিক বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। এ বিষয়ে নেবুখালী খালের ইজারাদারের মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে লাইনটা কেটে দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘শ্যামনগর উপজেলার সকল খাল থেকে নেট পাটা অপসারণ করা হচ্ছে। প্রতিদিন আমরা অভিযান পরিচালনা করছি। আপনারা তথ্য দিন, পর্যায়ক্রমে সকল খাল অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধার ও নেট পাটা অপসারণ করা হবে’। নেবুখালী খালের ইজারা বাতিল পূর্বক নেট পাটা অপসারণ হয় তার জন্য জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
