শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মাইক্রো ও প্রাইভেট চালক সমিতির সদস্যবৃন্দ কথিত শহিদুল ইসলাম কালুর অত্যাচার থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে সমিতির ৫৪জন সদস্যের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন মাইক্রো ড্রাইভার আব্দুল আলীম। লিখিত বক্তব্যে তিনি বলেন- সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল কবীর সাবু কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু শ্যামনগর থেকে মাইক্রো প্রাইভেটকার সাতক্ষীরায় গেলে প্রতিদিন তাদেরকে রাস্তার উপর গতিরোধ করে ড্রাইভারকে জোরপূর্বক নামিয়ে তাদের নিজেদের ড্রাইভার দিয়ে গাড়ি টার্মিনালে নিয়ে যাচ্ছে। তারপর তাদেরকে মারপিট ও বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছে। মাইক্রো এবং প্রাইভেটের চারটি চাকার হাওয়া খুলে দিয়ে অচল করে দিচ্ছে। এরপর তাদেরকে নির্জন স্থানে নিয়ে বন্দী করে রাখা হচ্ছে। এক রাত ও ১দিন রেখে তাদের নিকট থেকে যার কাছে যা পাচ্ছে তা নিয়ে ছেড়ে দিচ্ছে। তারা আরও জানায় ড্রাইভাররা সকলেই অতীব গরিব। সন্তানদের আহার যোগাতে মহাজনদের নিকট থেকে সুদে টাকা নিয়ে, সর্বস্ব শেষ করে ঝুঁকি পূর্ণ রাস্তায় জীবনকে বাজী রেখে মাইক্রো ও প্রাইভেট চালাচ্ছে। শহিদুল ও তার লোকজনের এ অত্যাচার থেকে রক্ষা পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ড্রাইভাররা।
